গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ফাটলের কারণে ইসরাইল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয়ভাবে ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন সংবাদমাধ্যম 'ড্রপ সাইট নিউজ'-এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনদোলু মঙ্গলবার (৬ অক্টোবর) জানায়, সিআইএ’র বিশেষ গবেষণা ইউনিট 'রেড সেল' গত আগস্টে 'ভেতর থেকে ফাটল' শিরোনামের এক গোপন প্রতিবেদনে এই আশঙ্কার কথা ব্যক্ত করে।

ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার একটি অঞ্চল

 

সামনে ২৭ অক্টোবরের নির্বাচন। তার আগেই একগুচ্ছ সঙ্কটে টালমাটাল ইসরাইলি সমাজ কাঠামো। প্রতিবেদনে বলা হয়—অর্থনৈতিক মন্দা, বাড়তি সামরিক খরচ, গোঁড়া আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ায় সাধারণ ইসরাইলিদের মধ্যে জনক্ষোভ এবং অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থীদের সহিংসতা পরিস্থিতি অস্থির করে তুলেছে। এরপরে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মারমুখী অবস্থান মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো  রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট আরো বাড়িয়ে দিচ্ছে।

ইসরাইলে নেতানিয়াহু বিক্ষোভের একটি দৃশ্য

 

গাজা- লেবাননে  বছরের পর বছর ধরে চলা এবং ও ইরানে সম্প্রতি শুরু করা যুদ্ধের চড়া খেসারত দিতে হচ্ছে ইসরাইলকে। দীর্ঘ লড়াই শেষে ফেরা বহু সৈন্য মারাত্মক মানসিক ট্রমার মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে সাধারণ মানুষকে একের পর এক যুদ্ধের জন্য তলব করা হচ্ছে, অন্যদিকে গোঁড়া ইহুদিদের সেই সেনা দায়িত্ব থেকে রেহাই দেয়া হচ্ছে—এ নিয়ে সাধারণ ইসরাইলিদর অসন্তোষ এখন তুঙ্গে। একই সাথে যুক্তরাষ্ট্রসহ বন্ধুরাষ্ট্রগুলোর কাছে দিন দিন একঘরে হয়ে পড়ার ধারাবাহিকতা ইসরাইলকে মারাত্মক অভ্যন্তরীণ গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে।