ইন্দোনেশিয়ার পশ্চিমা পাপুয়া অঞ্চলের আদিবাসীদের হাতে অপহৃত হয়েছিলেন নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মেরটেনস। সেই অপহরণ ঘটনার দেড় বছর পর তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। গতকাল শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়া পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও বিষয়টি নিশ্চিত করেছেন। আদিবাসীদের দেয়া শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে মুক্তি পেয়েছেন মেরটেনস।
ফিলিপ মেরটেনস অস্ট্রেলিয়ার বিমান পরিবহন সংস্থা জেটস্টারের সাবেক পাইলট। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাকে বন্দী করে পাপুয়ার একদল বিদ্রোহী। গোষ্ঠীটির নাম ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। পাপুয়া বিদ্রোহীদের অন্যতম কেন্দ্র এনডুগার পারো বিমানবন্দরে একটি ছোট বাণিজ্যিক যাত্রীবাহী বিমান অবতরণ করানোর পর বিদ্রোহীরা ফিলিপ মেরটেনসকে জিম্মি করে।
গত সপ্তাহের মঙ্গলবার টিপিএনপিবি এক বিবৃতিতে মেরটেনসের মুক্তির শর্ত ও রূপরেখা প্রকাশ করে। এর মধ্যে তাদের দাবি ছিল, মেরটেনসের পুরো মুক্তির প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে হতে হবে। পরে ইন্দোনেশিয়ার সরকার বিদ্রোহীদের এসব দাবি মেনে নিলে মুক্তি দেয়া হয় তাকে। এ ছাড়া বিদ্রোহীরা মেরটেনসের মুক্তির সময় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর অভিযানকেও স্থগিত করার শর্ত দিয়েছিল।
ইন্দোনেশিয়া ১৯৬৯ সালে পশ্চিম পাপুয়ার নিয়ন্ত্রণ পায় নেদারল্যান্ডসের কাছ থেকে। এর পর থেকেই সেখানকার নাগরিকেরা স্বায়ত্তশাসন ও নিজস্ব ভোট ব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসছে। যেসব গোষ্ঠী আন্দোলন করছে, তার মধ্যে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি উল্লেখযোগ্য।