কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন তার রাজনৈতিক দল লিবারেল পার্টির ২৪ জন আইনপ্রণেতা। চিঠিতে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগের আলটিমেটাম দেয়া হয়েছে।
অবশ্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি পদত্যাগ না করলে দলগতভাবে কী ব্যবস্থা নেয়া হবে- সে সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করেননি এমপিরা। কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, গত বুধবার রাজধানী অটোয়ায় একটি রুদ্ধদ্বার বৈঠক ছিল কানাডার সরকারদলীয় এমপিদের। তবে সেখানে ট্রুডো বা তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কোনো সদস্য সেখানে ছিলেন না। উপস্থিত এমপিদের নিজেদের বক্তব্য দেয়ার জন্য ২ মিনিট করে সময় দেয়া হয়েছিল। বৈঠক সূত্রে জানা গেছে, অন্তত ২০ জন এমপি ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছেন। অনেক আইনপ্রণেতা অবশ্য এই দাবির বিরোধিতা করেও বক্তব্য দিয়েছেন। বৈঠকে মোট ১৫৩ জন এমপি উপস্থিত ছিলেন।
গত ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর পদে রয়েছেন জাস্টিন ট্রুডো। তবে সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে তার। আবার একই সময়ে বাড়ছে লিবারেল পার্টির প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা। জরিপ বলছে, জনপ্রিয়তার নিরিখে সম্প্রতি লিবারেল পার্টির থেকে ২০ পয়েন্ট এগিয়ে গেছে কনজারভেটিভ পার্টি।
আগামী ২০২৫ সালে পার্লামেন্ট নির্বাচন হবে কানাডায়। দলের শীর্ষ নেতা হিসেবে সেই নির্বাচনে লিবারেল পার্টিকে নেতৃত্ব দেয়ার কথা ট্রুডোর।