আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদানে ইচ্ছুক ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বিমানকে তুরস্কের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি আঙ্কারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২৯তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট হারজোগের বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল ইসরাইল। কিন্তু তুরস্ক সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে অনিবার্য কারণবশত সম্মেলনে যোগ দিতে পারেননি ইসরাইলি প্রেসিডেন্ট।
গত শনিবার প্রেসিডেন্ট হারজোগের কার্যালয় থেকে এক বিবৃতিতে নিরাপত্তাজনিত কারণ দর্শিয়ে সম্মেলনে তার অংশগ্রহণ বাতিলের কথা জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিন প্রশ্নে ইসরাইলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ‘গণহত্যা ও বর্বর আগ্রাসনের’ প্রতিবাদে ইসরাইলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।





