সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসঙ্ঘের মানবিক সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এক বিবৃতিতে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) বলেছে, ‘২৭ নভেম্বর হামলা শুরুর পর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১১ লাখ মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।’
বাস্তুচ্যুতদের মধ্যে এক লাখেরও বেশি মানুষ উত্তর সিরিয়ার কুর্দি-শাসিত এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের ক্রমবর্ধমান লড়াই ও প্রতিশোধমূলক হামলার ভয়ে পালিয়ে গেছে। আলেপ্পোর উত্তর-পূর্বে মানবিজ শহর ও পূর্ব সিরিয়ার মিশ্র আরব ও কুর্দি শহর দেইর ইজ্জোরে প্রাথমিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। গত সপ্তাহে বাশার আল আসাদ বাহিনীর পতনের পর, মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) অধীনে কুর্দি ও আরব ইউনিটগুলো অগ্রসর হয়েছে। সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকা সুরক্ষিত করার প্রচেষ্টায় কিছু স্থানে সিরিয়ান ন্যাশনাল আর্মির তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথেও সংঘর্ষ হয়েছে তাদের।





