ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার জন্য নেতানিয়াহুর সমালোচনা করেছেন তিনি।
বুধবার রাজধানী সান্তিয়াগোর ফিলিস্তিনি স্টেডিয়ামে ‘লাইট অব হোপ’ নামের একটি অনুষ্ঠানে গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, ‘আমরা আজ মানবতা রক্ষার জন্য এখানে জড়ো হয়েছি। নেতানিয়াহু গাজা উপত্যকাসহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে যা করেছেন তা যুদ্ধাপরাধ। এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ।’ এ দিকে তিনি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী এবং সেখানে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সৈন্যদের হামলার কথা তুলে ধরেন।