পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক কথোপকথনের সময় ইমরান খান প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, পুরো জাতি আপনার দিকে তাকিয়ে আছে।
ইমরান খান এ সময় আরো বলেন, তিনি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে দু’টি চিঠি লিখেছেন। এর কারণ, পাকিস্তানের সব গণতান্ত্রিক পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। পিটিআই আইনপ্রণেতা ও সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারকের প্রত্যাখ্যান সত্ত্বেও প্রধান বিচারপতির নেতৃত্বে পাকিস্তানের জুডিশিয়াল কমিশন সুপ্রিম কোর্টে ছয়জন নতুন বিচারকের নিয়োগ অনুমোদন দিচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে ইমরান খান এ মন্তব্য করেছেন। ২০২২ সালের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় কারাদণ্ড হয়েছে ইমরান খানের। ২০২৩ সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। ইমরান খান বর্তমান ক্ষমতাসীন পাকিস্তানের জোট সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও মন্ত্রীরা সব ভুয়া। পার্লামেন্ট থেকে তাই কোনো আশা নেই।