ইসরাইলের সামরিক বাহিনীর দুই সেনাসদস্য নেদারল্যান্ডস ছেড়ে পালিয়ে গেছেন। ওই দুই সেনা গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বেগের কারণে তারা ইউরোপের এই দেশটির রাজধানী আমস্টারডাম থেকে পালিয়ে যান। ফিলিস্তিনপন্থী একটি গ্রুপ তাদের শনাক্ত করার পরই তারা আমস্টারডাম থেকে পালিয়ে ইসরাইলে চলে যান।
ফিলিস্তিনিপন্থী একটি সংগঠন তাদের সোশ্যাল মিডিয়ায় ট্র্যাক করছে জানতে পারার পর গাজায় লড়াই করা দুই ইসরাইলি সৈন্য আমস্টারডাম থেকে পালিয়ে ইসরাইলে ফিরে গেছেন বলে মঙ্গলবার ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে। ইসরাইলি এই সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য কাজ করা সংস্থাগুলো তাদের ছবি প্রচার করার পর সৈন্যদের আমস্টারডাম থেকে সরিয়ে নেয়া হয়েছিল।
দ্য ইসরাইলি জেনোসাইড ট্র্যাকার নামের একটি ফিলিস্তিনপন্থী সংগঠন গত সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরাইলের ওই সৈন্যদের ছবি প্রকাশ করে।