ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, তিনি বিশ্বের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বিশ্ব সম্রাট হওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার একটি স্থানীয় রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
লুলা বলেন, ‘আমি আন্তরিকভাবে চাই প্রেসিডেন্ট ট্রাম্প বিবেচনা করবেন যে প্রতিটি দেশের সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান করতে হবে। এর অর্থ গণতন্ত্রকে শক্তিশালী করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গণতন্ত্রই গত ৭০ বছরে সেরা শাসনের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এটি অব্যাহত রাখলে সকলেরই উপকার হবে। তবে এখন তিনি যা করছেন, তাতে মনে হচ্ছে তিনি বিশ্বের একজন সম্রাট হওয়ার চেষ্টা করছেন।'
এদিকে ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন লুলা। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, ‘তিনি চরম ডানপন্থীদের স্বাভাবিক কৌশল প্রয়োগ করছেন। তার বক্তৃতার পরিণতি নিয়ে কোনো ধারণা না করেই তিনি প্রতিদিন, প্রতি ঘণ্টায় কথা বলছেন।’ লুলা বলেন, ‘আমি রেডিওতে যা শুনেছি এবং সংবাদপত্র ও ইন্টারনেটে যা দেখেছি তা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থহীন কথাবার্তা। তিনি কানাডা দখল করতে চান, দেশটির প্রধানমন্ত্রীকে গভর্নর বলেছেন। তিনি গ্রিনল্যান্ড, পানামা খাল দখল করতে চান। এ ছাড়া মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকান উপসাগর রাখতে চান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, বিশ্ব প্রেসিডেন্ট নয়।’ ব্রাজিলের নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত ট্রাম্পের সাথে তার কোনো কথা হয়নি। তবে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন।