তুরস্কের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের জয়লাভকে ‘ইসলামি বিশ্বের বিজয়’ বলে আখ্যায়িত করেছেন মালয়েশিয়ার পিকেআর পার্টির নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি এরদোগানের এই জয়কে স্বাগত জানিয়েছেন। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী এরদোগানকে লেখা একটি চিঠিতে আনোয়ার বলেন, তুরস্কের অগ্রগতি এবং বিশ্বে তার অবস্থান এরদোগানের ‘গতিশীল নেতৃত্বের’ অধীনে আরো বিকশিত হবে।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আপনার এই বিজয় ইসলামি বিশ্বের জন্যও একটি বিজয়। আমাদের বিশ্বাসের মূল্যবোধ ও মহানবী সা:-এর মৌলিক শিক্ষার কোনো পরিবর্তন না করে ইসলামকে একটি আধুনিক ও প্রগতিশীল রূপ দিতে এই বিজয় প্রয়োজন ছিল।’
এ ছাড়াও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য তুরস্কের জনগণকেও তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, গণতন্ত্র রক্ষা, তুর্কি জনগণের ক্রমাগত উন্নতি, শান্তির প্রচার ও সন্ত্রাস দূর করা ছিল আপনার নির্বাচনী প্রতিশ্রুতি এবং দ্বিতীয় মেয়াদে আপনার বিজয় লাভে এটি ব্যাপকভাবে অবদান রেখেছে । আশা করি আপনি তা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হবেন।’