আফগানিস্তানে দেড় যুগের সঙ্ঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার আলোচনা শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে আশরাফ গনি সরকার ও তালেবান পক্ষ। আলোচনায় অংশ নিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছে গেছেন তালিবানের শীর্ষপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতারা। শনিবার দলটির মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন। সরকারি প্রতিনিধিরা পৌঁছেন গতকাল রোববার। এর মধ্য দিয়ে আফগান সরকারের সাথে তালিবানের শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু হলো বলে মনে করা হচ্ছে।
দোহায় তালিবানের রাজনৈতিক অফিস আছে। সেখানে শান্তি আলোচনা কবে শুরু হবে তা চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই দুই পক্ষ বসতে যাচ্ছে। তালিবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, আমাদের আলোচক প্রতিনিধিদলের সব সদস্য দোহায় পৌঁছেছে। কিছু ছোটখাটো কৌশলগত সমস্যার সমাধান হলেই আলোচনা শুরু হবে।
আফগান সরকারের রিকনসিলিয়েশন কাউন্সিলের মুখপাত্র ফারাইদুন খাওজুন বলেছেন, আমাদের প্রতিনিধিদল আলোচনা করতে প্রস্তুত ছিলেন। টুইটারে তিনি পোস্ট করেছেন, শান্তিপ্রক্রিয়ার অংশ হিসেবে বন্দীদের ছেড়ে দেয়া হয়েছে এবং আলোচনা শুরু করতে দেরি করার ব্যাপারে কোনো ধরনের অজুহাত দেখানোর সুযোগ নেই। তালিবানের দেখে মনে হচ্ছে না তারা আলোচনা করতে প্রস্তুত। আমরা আশা করব তারা প্রস্তুত হবে এবং আলোচনা শুরু করবে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে পাঁচ হাজার বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। পরের মাসেই আফগান সরকারের সাথে তালিবানের চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু চলমান সহিংসতা ও বন্দিবিনিময় দেরি হওয়াতে বারবার তা পিছিয়েছে।