সংখ্যালঘু উইঘুর মুসলিম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চীনের বিরুদ্ধে তদন্তের আহ্বান নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিরা। তারা জানিয়েছেন, আইসিসির সনদে স্বাক্ষরকারী দেশ না হওয়ায় চীন আইসিসির সদস্য নয়। তাই চীনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের এখতিয়ার আইসিসির নেই।
আইসিসির প্রধান কৌঁসুলি ফাতুহ বেনসোদার দফতর সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে চীনের বিরুদ্ধে তদন্তের ব্যাপারে আইসিসির কৌঁসুলিদের অপারগতার তথ্য উঠে এসেছে। চীনের উইঘুর সম্প্রদায়ের নির্বাসিত কিছু ব্যক্তি আইসিসির প্রতি তদন্তের ওই আহ্বান জানিয়েছিলেন। ১০ লাখের বেশি উইঘুরকে শিবিরে আটকে রাখাসহ গণহত্যা-মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ গত জুলাই মাসে আইসিসিতে দাখিল করেন সম্প্রদায়টির নির্বাসিত কিছু ব্যক্তি। আইসিসির প্রধান কৌঁসুলির দফতরের রিপোর্টে বলা হয়, চীনের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে তারা অক্ষম।