করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারত। এই মহামারীর মধ্যে দেশটিতে একযোগে প্রায় তিন হাজার জুনিয়র চিকিৎসক পদত্যাগ করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসক ও তার পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া, বৃত্তি বাড়ানোসহ একাধিক দাবিতে গত সোমবার থেকে আন্দোলন করছিলেন মধ্যপ্রদেশের চিকিৎসকরা। পরে গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট চিকিৎসকদের এই ধর্মঘটকে অবৈধ বলে ঘোষণা করে এবং ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন।
হাইকোর্টের এমন ঘোষণার প্রতিবাদ জানান নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয়টি হাসপাতালের প্রায় তিন হাজার জুনিয়র চিকিৎসক একযোগে পদত্যাগ করেন। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেই সাথে হাইকোর্টের নির্দেশ অমান্য করে নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কিতা ত্রিপাঠী জানিয়েছেন, ‘সরকার এখনো আমাদের দাবি মেনে নেয়নি। কেবল আশ্বাস দিয়েছে মাত্র। তাই এখনই আমরা ধর্মঘট তুলছি না।’