প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘অস্বাভাবিক ও উদ্ভট পদক্ষেপ’-এর প্রতি নিবিড় নজর রাখছে ভারত। শি জিনপিং ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডারকে দায়িত্ব নেয়ার মাত্র সাত মাসের মধ্যে পরিবর্তন করেছেন।
এই ডব্লিউটিসি ভারতের সাথে পুরো সীমান্ত দেখাশোনা করে। ডব্লিউটিসির পদাতিক বাহিনীর কমান্ডার শু কিলিংকে (৫৮) এখন পূর্ণাঙ্গ জেনারেল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। একই সাথে ডব্লিউটিসির প্রধান জেনারেল ঝাং সুডংকে (৫৯) সরিয়ে তার পদে বসানো হয়েছে তাকে। গত বছর এপ্রিল-মে মাসের পর পূর্বাঞ্চলীয় লাদাখে অব্যাহত সামরিক মুখোমুখি অবস্থানের মধ্যে এই পরিবর্তন করা হয়েছে। এর আগে গত বছর ডিসেম্বরে ডব্লিউটিসির প্রধান হিসেবে ৬৫ বছর বয়সে অবসরে যান জেনারেল ঝাও জোংকি। তারপর ডব্লিউটিসির প্রধান পদে দায়িত্ব দেয়া হয় ঝাং সুডংকে।
ভারতের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির এই পদমর্যাদার কোনো ব্যক্তিকে মাত্র সাত মাসের মধ্যে কখনো সরিয়ে দেয়া হয়নি। এখন যা ঘটছে তা অস্বাভাবিক। ভারতের সাথে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে যাওয়ার পর ডব্লিউটিসিতে এটা হলো কার্যত তৃতীয় পরিবর্তন। শু কিলিং বাদে পিএলএর সবাই তাকে সবচেয়ে কম বয়সী একজন জেনারেল হিসেবে বর্ণনা করেছেন। গত সোমবার আরো তিনজনকে পদোন্নতি দেয়ার কথা রয়েছে। তারা হলেন সাউদার্ন থিয়েটার কমান্ডার প্রধান ওয়াং শিউবিন, পিএলএ আর্মি কমান্ডার লিউ ঝেনলি এবং পিএলএ স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের কমান্ডার জু কিয়ানশেং।





