উপসাগরীয় দেশগুলোর সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে একটি নৌ-মহড়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে ভারত। আল মোহেদ আল হিন্দ নামের এই মহড়ায় ভারতের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস কোচি, দু’টি সি কিং-৪২ব হেলিকপ্টার আল জুবাই বন্দরে সোমবার পৌঁছেছে। মঙ্গলবার নৌ-মহড়ার আগে ভারতের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল অজয় কোচ্চা সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মহিদ আল কাহতানির সাথে আলোচনা করেছেন। গত সপ্তাহে আইএনএস কোচি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনীর জায়েদ তালওয়ার মহড়ায় অংশগ্রহণ করে। আবুধাবি উপকূলে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে আমিরাতের বায়নুনাহ শ্রেণীর গাইডেড মিসাইল করভেট ও হেলিকপ্টার অংশগ্রহণ করে। আগস্টে ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়ার আমিরাত ও ইসরাইল সফরের পর এই মহড়া অনুষ্ঠিত হয়।





