ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা নিয়ে লেবাননের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্কের অবনতি হয়েছে। লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক মন্তব্যের জেরে দেশটি থেকে নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েত। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে মন্তব্যের জেরে গত শনিবার এই সিদ্ধান্ত নেয় দেশ দু’টি।
এর আগে এই ইস্যুতে গত শুক্রবার রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে সৌদি সরকার। এর কয়েক ঘণ্টা পর সৌদির পথ অনুসরণ করে একই পথে হাঁটে বাহরাইনও। রিয়াদ বলছে, লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্য ছিল অত্যন্ত ‘আক্রমণাত্মক’। এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরবের প্রতি কিছু লেবানিজ কর্মকর্তা অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন। এর প্রতিবাদে ভ্রাতৃপ্রতিম দেশটির প্রতি সংহতি জানাতে লেবানন থেকে কূটনীতিকদের প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ইউএই।’
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘কূটনীতিকদের ফিরিয়ে আনার পাশাপাশি আরব আমিরাতের নাগরিকদেরও লেবাননে ভ্রমণ করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এর আগে একই কারণে লেবাননের দূতকে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় কুয়েত কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে মধ্যে লেবানিজ কূটনীতিকদের দেশে ফিরে যেতে হবে। এ ছাড়া বৈরুতে অবস্থানরত নিজেদের দূতকেও ফিরে আসার নির্দেশ দেয় কুয়েত।





