কাজাখস্তান ইস্যুতে রাশিয়া ও আজারবাইজানের সাথে আলোচনা করেছে তুরস্ক। দেশটির বিদ্যমান অস্থিরতা নিয়ে বৃহস্পতিবার রুশ ও আজেরি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসওগলু। কূটনৈতিক সূত্র এ খবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপে কাজখস্তান পরিস্থিতি ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আসন্ন ন্যাটো-রাশিয়া কাউন্সিলের বৈঠক নিয়ে কথা বলেন মওলুদ কাভুসওগলু। বসনিয়া ও হার্জেগোভিনা এবং ককেশাস অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের। সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে কাজাখস্তান। আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করলেও পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। এমন পরিস্থিতিতে দেশটির প্রতি কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। চলমান বিক্ষোভ দমনে বৃহস্পতিবার দেশটিতে আধা সামরিক বাহিনী পাঠায় রাশিয়া। বিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।