ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উত্তর কাশ্মিরে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির কো-পাইলটের অবস্থাও আশঙ্কাজনক। এক সেনাকর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিহত পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য একজনকে আহতাবস্থায় উদ্ধারের পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজ সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, সেনাবাহিনীর এই হেলিকপ্টারটি যখন নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিচ্ছিল, তখন আচমকা কারিগরি ত্রুটি দেখা দেয়।