কাবুল দখলের প্রায় আট মাস পার হতে চললেও ইসলামিক আমিরাত অব আফগানিস্তানকে এখন পর্যন্ত কোনো দেশ স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশই তালেবান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখছে। এরই ধারাবাহিকতায় চতুর্থ দেশ হিসেবে এবার রাশিয়ার আফগান দূতাবাসে দায়িত্ব নিতে যাচ্ছেন তালেবান সরকারের নিযুক্ত কূটনীতিক।
এখন পর্যন্ত অন্তত চারটি দেশ তালেবান নিযুক্ত কূটনীতিকদের স্বীকৃতি দিলো। দেশগুলো হচ্ছে চীন, পাকিস্তান, তুর্কমেনিস্তান ও রাশিয়া। সর্বশেষ দেশ হিসেবে রাশিয়া গত মাসে তালেবানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এ সময়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবান কূটনীতিক জামাল নাসির গারওয়ালকে মস্কোতে আফগানিস্তানের কূটনৈতিক মিশনের প্রধান বা চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পূর্ণাঙ্গ কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের ক্ষেত্রে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে মস্কোতে আমরা তালেবানের নিযুক্ত কূটনীতিককে স্বীকৃতি দিয়েছি। তবে এ সময় তিনি এ-ও জানান, তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার বিষয়ে কথা বলার মতো সময় আসেনি। তবে তালেবান কূটনীতিককে দেয়া এতটুকু স্বীকৃতিও যুক্তরাষ্ট্রের পছন্দ হয়নি।