বাড়ছে গরম, তৈরি হচ্ছে পানির সঙ্কট। বিভিন্ন অঞ্চল থেকে যখন এই খবর আসতে শুরু করেছে, তখন পানির অপচয় ঠেকাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি অপচয় করলে ওই ব্যক্তি কিংবা পরিবারকে পাঁচ হাজার রুপি জরিমানা গুনতে হবে। চণ্ডীগড় পৌরসভা থেকে জারি করা এই নির্দেশে বলা হয়েছে, প্রথমবার জরিমানা করার পর কেউ যদি দ্বিতীয়বার পানি অপচয় করে, তাহলে তাকে সমপরিমাণ অর্থ অর্থাৎ আবারো পাঁচ হাজার রুপি জরিমানা দিতে হবে। আর তৃতীয়বার একই কাণ্ড ঘটালে পানির লাইন কেটে দেয়া হবে। গতকাল ১৫ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত।