দুই দিনের ভারত সফরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত।
পরে বিমানবন্দরেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে গুজরাটের ঐতিহ্যবাহী নাচ ও সংগীত পরিবেশন করা হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যান প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে যান। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ভিজিটরস ডায়েরিতে তিনি লেখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা এক বিরাট সৌভাগ্য।’
এ দিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ১০০ কোটি পাউন্ডের বিনিয়োগ করতে চায় ব্রিটিশ সরকার। এ ছাড়া শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন জনসন। তার এই ভারত সফরের মূল উদ্দেশ্যই হলো ভারত ও ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া।