সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইসরাইলকে সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে মস্কো। এই ধরনের হামলাগুলো ‘স্পষ্টতই অগ্রহণযোগ্য এবং মেনে নেয়ার মতো নয়’। মস্কোয় বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইসরাইলের এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
জাখারোভা বলেন, ‘আমরা ইসরাইলি পক্ষকে এই ধরনের অন্যায্য ও বিপজ্জনক অনুশীলন বন্ধ করার দাবি জানাই। আমরা জোর দিয়ে বলতে চাই, সিরিয়ার ভূখণ্ডে চলমান ইসরাইলি গোলাবর্ষণ আন্তর্জাতিক আইনে মৌলিক অধিকারের লঙ্ঘন, সেই সঙ্গে এটি স্পষ্টভাবে অগ্রহণযোগ্য এবং মেনে নেয়ার মতো নয়।’
জাখারোভা জোর দিয়ে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মের নিন্দা করি, যা সৈন্য ও বেসামরিকদের মধ্যে হতাহতের সংখ্যাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং সমগ্র অঞ্চলে অনিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধিতে প্রকৃত অর্থে হুমকি সৃষ্টি করে।’ ইসরাইলি হামলা সিরিয়ার সশস্ত্র বাহিনীর সন্ত্রাসবিরোধী যুদ্ধের সম্ভাবনাকে দুর্বল করে বলেও উল্লেখ করেন রুশ মুখপাত্র।





