ভারতে কুতুব মিনার নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার চারমিনার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কংগ্রেসের সংখ্যালঘু নেতা রশিদ খান মসজিদে নামাজ পড়ার দাবিতে চারমিনার খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক হায়দরাবাদের চারমিনারে ধর্না অবস্থানের জন্য প্রচার শুরু করেছেন। একটি গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে ওই প্রচারণা শুরু হয়েছে, যাতে চারমিনার খোলার অনুমতি দেয়ার দাবি জানানো হয়েছে।
কংগ্রেস নেতা রশিদ খানের ওই দাবির তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি বলছে, রশিদ খান রাজনৈতিক লাভের জন্য এই প্রসঙ্গ তুলছেন। তেলেঙ্গানা বিজেপির মুখপাত্র এনভি সুভাষের অভিযোগ, রশিদ খান এ বিষয়টি তুলে পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন। রশিদ খান অবশ্য বলেছেন, তিনি চারমিনারে বিরান হয়ে থাকা মসজিদকে জনবহুল করতে চান। গণমাধ্যমের সাথে আলাপকালে রশিদ খান বলেন, দায়িত্বজ্ঞানহীনভাবে সারা দেশে মসজিদ নিয়ে ভুল দাবি করা হচ্ছে।
জ্ঞানবাপি মসজিদ হোক বা মথুরা বা কুতুব মিনার হোক বা তাজমহল, সব জায়গায় অন্যায় দাবি করা হচ্ছে। একই সাথে তিনি বলেন, আমার দাবি একেবারেই সত্য ও সঠিক। এ মসজিদটি বহু বছর ধরে জনশূন্য হয়ে পড়ে আছে, যেটিতে আমি আবাদ করতে চাই। তিনি বলেন, যারা গঙ্গা-যমুনা সংস্কৃতিতে বিশ্বাসী আমি তাদের একজন। তাই সেখানে থাকা ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজোয় আমার আপত্তি নেই। কিন্তু আমাদের নির্জন মসজিদ জনবহুল হওয়া উচিত।’