মহানবী সা:-কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার কটূক্তির প্রতিবাদে দেশটির সরকারি-বেসরকারি কমপক্ষে ৭০টি সাইট সাইবার হামলার শিকার হয়েছে। গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলার পেছনে রয়েছে হ্যাকার গ্রুপ ড্রাগনফোর্স মালয়েশিয়া। নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ভারতের সাথে মুসলিম দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ভারতের সরকারি-বেসরকারি অনেক ওয়বসাইটে সাইবার হামলা চালাল হ্যাকাররা।
ইসরাইলে অবস্থিত ভারতীয় দূতাবাস, ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ ই-পোর্টাল, দিল্লি পাবলিক স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কমপক্ষে ৭০টি ওয়েবসাইট হামলার শিকার হয়েছে। তবে রোববার ইসরাইলে ভারতীয় দূতাবাসের সাইটটি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শুধু মহারাষ্ট্রেই ৫০টি ওয়েবসাইট অচল অবস্থায় পাওয়া গেছে।