আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ানের সাথে কথা বলার সময় জামির কাবুলভ এ কথা বলেন। তিনি আরো জানান, শিগগিরই তালেবান অন্তর্র্বর্তী সরকারের উপবাণিজ্যমন্ত্রী মস্কো সফর করবেন এবং আফগানিস্তান রাশিয়ার কাছ থেকে কিছু পণ্য কেনার কথা জানিয়েছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট আফগানিস্তানের জন্য শস্য বরাদ্দের অনুমতি দিয়েছেন।
এ সময় আফগানিস্তানে অন্তর্র্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কাবুলভ বলেন, এমন একটি সম্ভাবনা রয়েছে। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী উভয়ে মিলে যে শর্ত নির্ধারণ করেছিলেন আফগান নতুন প্রশাসন সে মতেই কাজ করছে।
এ সময় রুশ রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, আফগানিস্তানের অন্তর্র্বর্তী সরকারের স্বীকৃতির বিষয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর অনুসরণ করতে আগ্রহী নয় রাশিয়া। তালেবান প্রশাসন রাশিয়ার সাথে সহযোগিতা এবং স্বীকৃত আন্তর্জাতিক নিয়ম অনুসারে কাজ করতে ইচ্ছুক বলেও উল্লেখ করেন তিনি।





