গত কয়েকদিনের টানা বর্ষণে আকস্মিক বন্যায় দুর্দশার শেষ নেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জনজীবনে। রাজ্যে ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এখনো চারজন নিখোঁজ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ। ৩৩ জেলায় পাঁচ হাজার ১৩৭টির বেশি গ্রাম প্লাবিত। সবশেষ ব্রিফিং এমনটাই জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসডিএমএ।
আসামের ৩৩ জেলার নিম্নাঞ্চলগুলোয় শুধু থই থই পানি। রাস্তা, জলাশয় আর নদীর পানি মিলে মিশে একাকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বারপেতা জেলা। এখানকার ১২ লাখ ৭৬ হাজার মানুষ পানিবন্দী। যাদের গবাদিপশু আছে তারা পড়েছেন আরো বিপাকে। পানির কারণে নিরাপদ স্থানে নেয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। কিছু কিছু স্থানে দেখা দিয়েছে ভূমিধস। এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় এক লাখ ৭৩ হাজারের বেশি ফসলি জমি প্লাবিত।
কপিলি নদীর পানি বেড়ে হোজাই জেলায় দুর্ভোগ আরো বাড়িয়েছে। প্রতিবেশী দেশ ভুটানের বেশ কয়েকটি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ায় আসামের নিম্ন জেলাগুলোয় মারাত্মক প্রভাব পড়েছে।





