পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, শাসক পরিবারের দুর্নীতির কারণে পাকিস্তানের ভাগ্যও শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে। সোমবার এক নির্বাচনী প্রচারণায় ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। ইমরান বলেন, আমরাও শ্রীলঙ্কার মতো একই পরিণতি ভোগ করতে যাচ্ছি। কারণ শ্রীলঙ্কার শাসকরা ছিল একটি পরিবারের লোক। আর পাকিস্তানে দু’টি পরিবার গত ৩০ বছর ধরে দেশ শাসন করছে। শরিফ ও জারিদারিÑ এ দুটি পরিবারের শাসনের কারণে পাকিস্তান নিশ্চিতভাবে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।
আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় পাঞ্জাবের বিধানসভা ২০ আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে ইমরান খান আরো বলেন, দেশ ঋণে ডুবে থাকা অবস্থায় শরিফ ও জারদারি পরিবার কোটিপতি হয়েছে। নওয়াজ শরিফ জারদারির সাথে দেশকে ঋণগ্রস্ত করেছেন। আবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার নিজেদের এনআরও- দুর্নীতির মামলা থেকে রেহাই দেয়ার জন্য জাতীয় জবাবদিহি ব্যুরোর আইন সংশোধন করেছে।





