পাকিস্তানে ভুলবশত তাদের ক্ষেপণাস্ত্র চলে গিয়েছিল বলে ভারত যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তদন্ত করে তিনজন অফিসারকে সাসপেন্ড করে ভারত। তবে ভারতের করা ওই তদন্ত রিপোর্ট মানতে নারাজ পাকিস্তান।
গত মার্চে ভারত থেকে একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্ম’ আছড়ে পড়ে পাকিস্তানে। ভারত জানিয়েছিল, এটা ছিল নিছক দুর্ঘটনা। রক্ষণাবেক্ষণের সময় ভুল করে ক্ষেপণাস্ত্রটি চলে যায়। তারপর বিষয়টি নিয়ে তদন্ত করে ভারত। বৃহস্পতিবার ভারত জানিয়েছে, এই ভুলের জন্য তিনজন সেনা অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি এখন ক্লোজড চ্যাপ্টার।
কিন্তু পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, তারা ভারতের এই সিদ্ধান্ত মানছে না। দু’দেশের মিলিত তদন্তের দাবিতে এখনো অনড় রয়েছে পাকিস্তান। ভারতীয় তদন্ত রিপোর্টের ভাষ্য, গত ৯ আগস্ট ভারত থেকে ভুল করে পরমাণু অস্ত্রবহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যা পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়ে। বিমানবাহিনীর তিনজন অফিসার এর জন্য দায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। পাকিস্তানের বক্তব্য হলো, শব্দের থেকে তিনগুণ বেশি গতিতে গিয়ে এই ক্ষেপণাস্ত্র তাদের জমিতে আছড়ে পড়ে। কোনো বিস্ফোরক না থাকায় বিস্ফোরণ হয়নি ঠিকই, কিন্তু যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বিমানে গিয়ে লাগতে পারত।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাকিস্তান ভারতের এই তদন্ত রিপোর্ট খারিজ করছে। তারা আবার যৌথ তদন্তের দাবি জানাচ্ছে। তাদের মতে, ভারতের তদন্ত কমিটির রিপোর্ট এবং তিনজন বিমানবাহিনীর অফিসারকে সাসপেন্ড করার ঘটনা মোটেই যথেষ্ট নয়। তাই পাকিস্তান এই ব্যবস্থায় একেবারেই খুশি হতে পারছে না। ভারত ও পাকিস্তানের মধ্যে এ ধরনের ঘটনা এটিই প্রথম। এ ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ক্ষেপণাস্ত্রের সেফটি মেকানিজম নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যামেরিকা ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘ব্রহ্ম’ হলো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। তিন শ’ থেকে পাঁচ শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতে পারে এটি। উত্তর ভারতের লঞ্চিং প্যাড থেকে তা ইসলামাবাদে গিয়ে আঘাত করতে সক্ষম। ব্রহ্ম আছড়ে পড়ার পর এ ধরনের ঘটনার ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দেয় পাকিস্তান। এমন ঘটনা যেন আর না ঘটে। এমন ঘটনার জন্য ভারতীয় সামরিক বাহিনীর খামখেয়ালিকে দায়ী করে দেশটি।
ভারতের ক্ষেপণাস্ত্র তদন্ত রিপোর্ট পাকিস্তানের প্রত্যাখ্যান
পাকিস্তানে ভুলবশত তাদের ক্ষেপণাস্ত্র চলে গিয়েছিল বলে ভারত যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তদন্ত করে তিনজন অফিসারকে সাসপেন্ড করে ভারত।...





