জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেয়া বক্তৃতার তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার। ভাষণে শাহবাজ শরিফ বলেছিলেন, আফগানিস্তানে এখনো বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি রয়ে গেছে, যা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।
আফগানিস্তান থেকে এখনো আলকায়েদা, আইএসআইএল, টিটিপিসহ বিভিন্ন গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে দাবি করে গত শনিবার শাহবাজ শরিফ বলেন, অন্তর্বর্তীকালীন আফগান কর্তৃপক্ষের সমর্থন ও সহযোগিতায় এসব গোষ্ঠীকে সফলভাবে মোকাবেলা করতে হবে। তার এ বক্তব্য পাকিস্তান ও আফগান অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি নতুন কূটনৈতিক দ্বন্দ্বের জন্ম দিয়েছে।
ইসলামিক আমিরাতের প্রশাসন এ বক্তব্যকে ভালোভাবে নেয়নি। পাকিস্তানের এ অভিযোগ প্রত্যাখ্যান করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, পাকিস্তানসহ বেশ কিছু দেশ জাতিসঙ্ঘের ৭৭তম অধিবেশনে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে আফগানিস্তানে এখনো সন্ত্রাসবাদের হুমকি রয়েছে, যা মোটেও সত্য নয়।