আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন ব্রিটিশ এক মন্ত্রী। ইসরাইল ও ফিলিস্তিনি শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাতের একপর্যায়ে তিনি আল আকসায় নামাজ আদায় করেন। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়াবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমদ বৃহস্পতিবার অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন।
পরে এক টুইটে লর্ড আহমদ লিখেছেন, পবিত্র আল-আকসা মসজিদে জেরুসালেম ওয়াকফ বিভাগের পরিচালক, শেখ আজম আল-খতিবের সাথে সময় কাটিয়েছি। বিষয়টি আমার জন্য বিশেষ সম্মানের। সফরকালে তারিক আহমেদ জেরুসালেমের পবিত্র স্থানগুলোর ওপর জর্দানের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের কথা ব্যক্ত করেন এবং এসব স্থানে স্থিতাবস্থা সংরক্ষণের ওপর জোর দেন। এই স্থিতাবস্থা মুসলমানদের আল-আকসা কমপ্লেক্সে নামাজ আদায় করতে এবং অন্যান্য ধর্মের অনুসারীদের এ কমপ্লেক্স পরিদর্শনের অনুমতি দেয়।
লর্ড আহমদ বৃহস্পতিবার পশ্চিম তীরের শহর হেবরনও পরিদর্শন করেন এবং এর আগে গত বুধবার পশ্চিম জেরুসালেমে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সাথে দেখা করেন।