ইউক্রেন যুদ্ধের পর পানির দামে ভারতে তেল বিক্রি করছে রাশিয়া। এবার একই দামে অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানকেও তেল দেবে মস্কো। পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের প্রতিমন্ত্রী মুসাদিক মালিক বলেন যে, রাশিয়ান অপরিশোধিত তেল আমদানিতে ইসলামাবাদকে প্রতিবেশী দেশগুলোর মতো একই ছাড় দেয়া হবে। তবে মালিক দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক বলেন, পাকিস্তান এবং রাশিয়া অনেক বিষয়ে একমত হয়েছে। পরের মাসে অপরিশোধিত তেলের জন্য রাশিয়াকে তার প্রথম অর্ডার দেবে। তবে ওই তেল রাশিয়া থেকে পাকিস্তানে পৌঁছাতে প্রায় ২৬ থেকে ২৭ দিন সময় লাগতে পারে। পাকিস্তানে ক্রমবর্ধমান পেট্রলের দামের বিষয়ে প্রতিমন্ত্রী মুসাদিক মালিক বলেন, যেহেতু পাকিস্তান তেল উৎপাদনকারী দেশ নয়, তাই আমাদের আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে হয় এবং তেলের দামের ওপর পাকিস্তানের কোনো নিয়ন্ত্রণ নেই।
তিনি জানান, পাকিস্তান বর্তমানে ইরান থেকে তেল আমদানির বিষয়ে বিবেচনা করছে না। তবে ইসলামাবাদের সাথে তেহরানের ভালো সম্পর্ক রয়েছে এবং গ্যাস আমদানির বিষয়ে তাদের সাথে যোগাযোগ করছে। এর আগে মস্কো অপরিশোধিত তেল আমদানির বিষয়ে পাকিস্তানের দিকে ধীর অগ্রগতিতে হতাশ হয়েছে। ব্যাপক মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক সঙ্কট পরিস্থিতির কারণে ইসলামাবাদের অশোধিত তেলের জরুরি প্রয়োজন রয়েছে। তা সত্ত্বেও মস্কোর কাছে পাকিস্তান কোনো অশোধিত তেলের অর্ডার করেনি।
পাকিস্তান বলেছিল, তারা একটি এসপিভি কোম্পানি স্থাপন করবে যা পাকিস্তানি শোধনাগারগুলিতে রাশিয়ান তেল আমদানি করবে, তবে এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এ দিকে পাকিস্তান সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বেলআউট প্যাকেজ পেতে সর্বোচ্চ চেষ্টা করছে। এরই মধ্যে আইএমএফের সব শর্ত মেনে নিয়েছে দেশটি।