তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন। এরদোগানের এই রাশিয়া সফরের লক্ষ্য কৃষ্ণসাগর শস্যচুক্তি পুনরুজ্জীবিত করা। এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একজন মুখপাত্র গত সোমবার এ তথ্য জানান। ক্ষমতাসীন দলটির মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয় নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্ক আশা করছে, এ বৈঠকের মাধ্যমে আসন্ন খাদ্য সঙ্কট এড়ানো যাবে।
এ দিকে আঙ্কারার সূত্র দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে দুই প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। তাসের খবরে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশন শুরু হবে। এর আগেই দুই প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এরদোগান ও পুতিন জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনের আগে সাক্ষাৎ করবেন, পরে নয়। তবে বৈঠকের সঠিক তারিখ নিয়ে আলোচনা হচ্ছে। ওই সূত্র জানিয়েছে, দুই নেতা ইউক্রেনের সঙ্ঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার পরিকল্পনা করেছেন। এ ছাড়াও ওই সূত্র বার্তসংস্থা তাসকে জানিয়েছে, এরদোগান ও পুতিন মূল শস্য চুক্তি এবং সম্ভাব্য বিকল্প উভয় বিষয়েই আলোচনা করবেন।