ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের ‘বেআইনি’ হামলা নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার এক ফোনালাপে বিষয়টি নিয়ে আলোচনা করেন তারা। তুর্কি কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
দেশটির যোগাযোগ অধিদপ্তরের দেয়া এক বিবৃতি অনুসারে, এরদোগান এবং ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি জনগণের কাছে মানবিক সহায়তা বিতরণের পাশাপাশি এই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোগান মুসলিম বিশ্বের, বিশেষ করে তুরস্ক ও ইরানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি আরো বলেন, আঙ্কারা ও তেহরান স্থায়ী যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য একসাথে কাজ করে যাবে।
এ ছাড়া ফোনালাপে উভয় প্রেসিডেন্ট তুরস্কে অনুষ্ঠিতব্য তুরস্ক-ইরান উচ্চ পর্যায়ের সহযোগিতা পরিষদের প্রস্তুতি ও এজেন্ডা নিয়েও মতবিনিময় করেন।