গাজার পরিস্থিতিকে ইউক্রেনের সাথে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মস্কোতে টেলিভিশনে বার্ষিক সংবাদ সম্মেলনে আনাদোলু এজেন্সিকে এ কথা বলেন তিনি। পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সঙ্ঘাত গাজা উপত্যকায় যা ঘটছে, তার কাছে কিছুই নয়।’ দুই মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা। পুতিন আরো বলেছেন, ‘আপনি, এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্ব দেখছেন গাজায় কী ঘটছে এবং ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে কী ঘটছে। এবার পার্থক্য বের করার চেষ্টা করুন। ইউক্রেনে গাজার মতো কিছুই হয়নি।’
পুতিন বলেছেন, ‘গাজা উপত্যকায় যেখানে ইসরাইল ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তিনি এটিকে বিপর্যয় বলে উল্লেখ করে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের দিকে ইঙ্গিত করেন। গুতেরেস বলেছিলেন, ‘গাজা শিশুদের জন্য বিশ্বের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে।’