তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান হুঁশিয়ার করে বলেছেন, সীমানা রক্ষায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা সব সন্ত্রাসী হুমকি দূর করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তার দেশ দৃঢ় সঙ্কল্পবদ্ধ। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোগান সাংবাদিকদের বলেন, “সফল আন্তঃসীমান্ত অভিযানের মাধ্যমে তুরস্ক স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে দেখিয়েছে যে, তারা তার ভূখণ্ডে কোনো ‘সার্জিক্যাল অ্যাটাক’ সহ্য করবে না।” প্রেসিডেন্ট এরদোগান এ সময় উল্লেখ করেন, সিরিয়া ও ইরাকে বিমান অভিযানে তুর্কি বাহিনী গত পাঁচ দিনে ১১৪টি পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, এতে ৭৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে।