বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদের পরও গাজায় হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে ইসরাইল। এরই মধ্যে নির্বিচার এমন হত্যা বন্ধ ও এর বিচার দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেল আবিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই অনেকটা বিপাকে পড়েছে। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে গুগলকে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ব্যবহারকারীদের কাছে ইসরাইলি প্রোপাগান্ডা ওয়েবসাইটগুলো বেশি করে দেখানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলকে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করছে তেল আবিব। আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের পর এমন পদক্ষেপ নেয় নেতানিয়াহু প্রশাসন।
গুগলে ‘আইসিজে ইসরাইলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় বিজ্ঞাপন হিসেবে দক্ষিণ আফ্রিকার এই মামলা কতটা অবান্তর তা তুলে ধরে ইসরাইলি সরকারি ওয়েবসাইটের ঠিকানা দেখানো হয়। বিভিন্ন ব্রাউজারে একই শব্দ ব্যবহার করে অনুসন্ধানের সময় পপ-আপ হিসেবে ‘এসএ’স কেস এগেইনস্ট ইসরাইল-স্ট্যান্ড উইথ আস’ বিজ্ঞাপন দেখানো হয়, যাতে ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ইসরাইলি সরকারি ওয়েবসাইট ভেসে আসে।
একই চিত্র দেখা যায় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ক্ষেত্রেও। সেখানে ‘আইসিজে ইসরাইলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় আইসিজেতে সত্যকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি ইসরাইলি অভিযোগের ভিডিও প্রথমে দেখানো হয়।