একে অপরের অঞ্চলে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পরে ইরাক, ইরান এবং পাকিস্তানকে সংযমী ও বিবেকবান হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ইরাকের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইরানের হামলায় শুরু হওয়া ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আঙ্কারা গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানে হামলার সাথে সাথে এই উদ্বিগ্নতা আরো প্রসারিত হয়েছে এবং বৃহস্পতিবার সকালে ইরানে লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলার মাধ্যমে তা নতুন মাত্রা পেয়েছে।
বিবৃতিতে ‘সকল পক্ষের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা, বিশেষ করে জাতিসঙ্ঘের সনদের’ ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য পক্ষগুলোকে আহ্বান জানানো হয়েছে। আঙ্কারা এই অঞ্চলে বিরোধের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখতে প্রস্তুত বলে জানিয়েছে।
বৃহস্পতিবার আম্মানে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সাথে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘তুরস্ক চায় না ইরান ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হোক।’