লোহিত সাগরে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা ইসরাইলসংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে বহু জাহাজ আর ওই রুটে যেতে সাহস পাচ্ছে না। আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নানা পদক্ষেপও আস্থা ফেরাতে পারছে না। এই পরিস্থিতিতে ইসরাইলের সাথে সম্পর্ক অস্বীকার করে ৬৪টি জাহাজ নিরাপদে লোহিত সাগর অতিক্রম করেছে।
ইসরাইলের সাথে সম্পর্ক অস্বীকার করে ব্যানার উত্থাপন করার পর ইয়েমেনের হাউছিরা সেসব জাহাজকে লোহিত সাগর পার হওয়ার অনুমতি দেয়। ইয়েমেনের হাউছি গোষ্ঠী রোববার বলেছে, ইসরাইলের সাথে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করে একটি ব্যানার উত্থাপন করার পরে তারা ৬৪টি জাহাজকে লোহিত সাগরে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে। হাউছি গ্রুপের সদস্য মোহাম্মদ আলী আল-হাউছি এক বিবৃতিতে বলেছেন, ‘লোহিত সাগর অতিক্রম করার সময় জাহাজগুলোকে নিরাপদে যাওয়ার অনুমতি পাওয়ার সহজ সমাধান হচ্ছে- ‘ইসরাইলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই’ লেখা একটি ব্যানার টানিয়ে রাখা।’ তিনি আরো বলেন, ‘এই সমাধান-সূত্রটি খুবই কার্যকর। কারণ এই ব্যানার উত্থাপন করেই ৬৪টি জাহাজ নিরাপদে সমুদ্র অতিক্রম করতে সক্ষম হয়েছে।’