ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা প্রায় সাড়ে তিন মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এমনকি গাজার কবরস্থানগুলোকেও ছাড়ছে না ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী অবরুদ্ধ এই ভূখণ্ডটির ১৬টি কবরস্থান ধ্বংস করে দিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী গাজায় কমপক্ষে ১৬টি কবরস্থান ধ্বংস করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে। উপগ্রহ চিত্র এবং সোশ্যাল মিডিয়া ফুটেজের বরাত দিয়ে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যমটি। এতে আরো বলা হয়েছে, গাজায় স্থল অভিযানের সময় ইসরাইলি সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে কবরস্থানগুলো ভেঙে দিয়েছে এবং এমনকি এতে করে কবর থেকে কিছু লাশও বের হয়ে গেছে।
সিএনএনের খবরে উদ্ধৃত আইন বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, ইচ্ছাকৃতভাবে কবরস্থানের মতো স্থানগুলোকে ধ্বংস করা এবং এগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এবং ভিডিওগুলোর বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিএনএন বলেছে, অন্যান্য ক্ষেত্রে ইসরাইলি সেনাবাহিনী কবরস্থানকে সামরিক ফাঁড়ি হিসাবে ব্যবহার করেছে বলে মনে হচ্ছে।
একজন ইসরাইলি সামরিক মুখপাত্র সিএনএনকে নিশ্চিত করেছেন, তারা গাজায় কিছু কবর খনন করেছে। তার দাবি, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় আটক করা ইসরাইলি বন্দীদের সেখানে কবর দেয়া হয়েছিল কি না তা নির্ধারণ করতেই এটি করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, গাজার কবরস্থানগুলোকে হামাস ‘সামরিক উদ্দেশ্যে’ ব্যবহার করেছে।
আর এই পরিস্থিতিতে কবরস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা ছাড়া ইসরাইলি সেনাবাহিনীর কাছে আর কোনো উপায় ছিল না বলেও দাবি করেন তিনি।
গাজায় ১৬টি কবরস্থান ধ্বংস করেছে ইসরাইল : সিএনএন
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা প্রায় সাড়ে তিন মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত...





