টানা সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। স্থল পথেও সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সঙ্কট। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, বাড়িঘর হারিয়ে গাজার জনসংখ্যার বেশির ভাগই থাকছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী তাঁবুতে। আর এর মধ্যে ভারী বর্ষণে ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে বন্যা দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে দুর্ভোগের।
গাজা উপত্যকায় ভারী বর্ষণ তাঁবু ও আশ্রয়কেন্দ্রগুলোতে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনিদের দুর্ভোগকে আরো বাড়িয়ে দিয়েছে। গত শুক্রবারের বৃষ্টির পানিতে হাজার হাজার শিবির প্লাবিত হয়েছে। এতে করে তাঁবু ও শিবিরের বাসিন্দারা জিনিসপত্র এবং কম্বল ও গরম কাপড় ছাড়াই থাকছেন।
ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলুকে বলেছেন : ‘ভারী বৃষ্টিতে গাজার অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। আমরা গাজার বিভিন্ন গভর্নরেটে প্লাবিত তাঁবু এবং ঘরবাড়ি সম্পর্কে এক হাজারেরও বেশি সতর্কতা পেয়েছি।’





