সোমালিয়া সরকার তুরস্কের সাথে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। এ চুক্তিতে তুরস্ককে দেশটির জন্য একটি নৌবাহিনী গঠন করা এবং এ সময়ে তাদের সমুদ্রসীমার উপকূল বরাবর নিরাপত্তা রক্ষার দায়িত্বও তুরস্ককে দেয়া হয়েছে।
সোমালিয়ার মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে গত বুধবার তুরস্কের সাথে সম্পাদিত প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি অনুমোদন করেছে। সোমালিয়ার জন্য একটি নৌবাহিনী গঠন, প্রশিক্ষণ প্রদান এবং অস্ত্রসজ্জিত করার দায়িত্ব পালন করবে তুরস্ক। একই সাথে প্রতিবেশী ইথিওপিয়ার সাথে উত্তেজনা চলার মধ্যে তুরস্ক দেশটির উপকূল বরাবর সুরক্ষার দায়িত্বও পালন করবে তুরস্ক।
সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারি গত ৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করে বলেছেন এটি সোমালি জাতির জন্য দীর্ঘকাল ‘স্মরণীয়’ হয়ে থাকবে। চুক্তিতে প্রয়োজনে আগামী ১০ বছরের জন্য তুরস্কের নৌবাহিনীকে সোমালিয়ার সুরক্ষার দায়িত্ব প্রদান করা হয়েছে। তুরস্কের একজন প্রতিরক্ষা কর্মকর্তা অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।