জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদ চায় ফিলিস্তিন। জাতিসঙ্ঘে ফিলিস্তিন প্রতিনিধিদল ইতোমধ্যে এ বিষয়ক তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন প্রতিনিধিদলের প্রধান রিয়াদ মনসুর। আনাদোলু এজেন্সিকে মনসুর বলেন, ‘জাতিসঙ্ঘের অন্যান্য সদস্যরাষ্ট্রের সাথে আমরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি। ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে আমরা একটি স্বাক্ষর অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই সেসব স্বাক্ষরসংবলিত একটি আবেদনপত্র সাধারণ পরিষদে জমা দেয়া হবে।’
বুধবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরাইল স্বীকৃতি দেবে কি না’- প্রস্তাবের ওপর ভোট হয়। নেসেটের ১২০ জন সদস্যের মধ্যে ৯৯ জনই ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে ভোট দেন। তার এক দিন পরই আনাদোলু এজেন্সিকে এ সাক্ষাৎকারটি দেন রিয়াদ মনসুর। নেসেটের সাম্প্রতিক ভোট প্রসঙ্গে আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, ইসরাইলের পার্লামেন্টের আলোচনা-ভোট নিয়ে ফিলিস্তিন উদ্বিগ্ন নয়।
‘ফিলিস্তিনিদের স্বাধিকার ও স্বাধীনতা সম্পর্কিত যে ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার একমাত্র ফিলিস্তিনের জনগণের। কারো অনুমতির ওপর আমাদের স্বাধীনতা নির্ভরশীল নয়। ইসরাইল যদি ফিলিস্তিনের ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং বিভিন্ন দেশ যদি ইসরাইলকে অস্ত্রস সরবরাহ বন্ধ করে, আপাতত সেটিই যথেষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় যেন এ বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়, সে জন্য সাধারণ পরিষদের আলোচনায় আমরা এটি প্রস্তাব আকারে তোলার চেষ্টা করছি।’





