ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হাউছিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এ দিনের হামলায় হাউছিদের ৩টি লক্ষ্যবস্তুতে হামলা করে দেশ দু’টি। হাউছি গোষ্ঠী নিজেই এই হামলার খবর প্রকাশ করেছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনের হাউছি গোষ্ঠী সোমবার উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে নতুন করে মার্কিন-ব্রিটিশ বিমান হামলার খবর দিয়েছে। হাউছিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন বলেছে, সাদার বাকিম জেলার ইয়াসনাম এলাকায় তিনটি হামলা চালানো হয়েছে। তবে এই হামলার জেরে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি ইয়েমেনের বন্দর শহর এডেনের প্রায় ৯১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি জাহাজে হামলার কথা জানানোর পরপরই এই বিমান হামলা চালানো হয়। যদিও হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অবশ্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এর আগে বেশ কয়েক দফায় যৌথভাবে হাউছিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের হাউছি গোষ্ঠীর ১৮টি স্থাপনায় হামলা চালায়। ইরান-সমর্থিত হাউছিদের বিরুদ্ধে পরাশক্তি এই দুই মিত্র দেশের চালানো সেই হামলা ছিল চতুর্থ দফা যৌথ অভিযান।
সেই হামলার পর যুক্তরাষ্ট্র বলেছিল, সর্বশেষ হামলায় হাউছিদের স্টোরেজ সুবিধা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং সশস্ত্র এই গোষ্ঠীর একটি হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করা হয়। অন্য দিকে যুক্তরাজ্য জানায়, হাউছিদের সক্ষমতাকে ‘আরও অবনমিত’ করতে কাজ করেছে মিত্ররা। ইরান-সমর্থিত হাউছিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যাতায়াতকারী ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর সাথে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে এবং তাদের এই হামলা অব্যাহত রয়েছে। আর হাউছিদের জাহাজে বারবার হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।