ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইসরাইলের মতো বর্বর দেশ কখনো ন্যাটো জোটের সহযোগী সদস্য হতে পারে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আয়োজিত ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে এরদোগান এ কথা বলেন। ৩২টি দেশের সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় শক্তিশালী সদস্য রাষ্ট্র তুরস্ক। যুক্তরাষ্ট্রের পরই জোটে তার অবস্থান। গত শুক্রবার ওয়াশিংটনে ন্যাটোর সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।
এই ৩২ রাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি দেশের সাথে সামরিক সম্পর্ক আছে ন্যাটোর। এসব দেশকে বলা হয় ন্যাটো পার্টনার অংশীদার। গাজায় যেভাবে ইসরাইল নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে-এ কারণে বর্বর দেশটি কখনোর ন্যাটো সামরিক জোটের অংশীদার বা পার্টনার হতে পারবে না বলে জানান এরদোগান। ইসরাইল যুদ্ধরাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একজন স্বৈরাচার বলে অভিহিত করেন তিনি। এরদোগান বলেন, নেতানিয়াহুর সম্প্রসারণবাদী আচরণ ও বেপরোয়া নীতির কারণে ফিলিস্তিসহ গোটা অঞ্চলে অশান্তির সৃষ্টি হয়েছে।
যে পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনে তার দখলদারিত্বের অবসান না ঘটাবে এবং গণহত্যা বন্ধ না করবে, ততদিন কোনোভাবেই ন্যাটোর সহযোগী হতে পারবে না এই ইহুদিবাদী দেশ। এরদোগান ইসরাইলকে মনে করিয়ে দেন, ন্যাটোর সদস্যপদ পেতে চাইলে অবশ্যই তুরস্কের অনুমোদন নিতে হবে। আর স্বৈরাচারী আচরণ ও বর্বরতা পরিহার না করলে তুরস্ক কখনোই কোনো দেশকে অনুমোদন দেবে না।





