তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং লেবাননে হামলার মাধ্যমে ইসরাইল মধ্যপ্রাচ্য এবং সমগ্র মানবতার জন্য হুমকি হয়ে উঠেছে। বৃহস্পতিবার ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে এক ফোন কলে এ কথা বলেছেন তিনি। তুরস্কের যোগাযোগ অধিদফতর এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের মুসলিম ও খ্রিষ্টানদের শান্তিতে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য মানবতার জোট হিসেবে অবিলম্বে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এরদোগান। বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি বিমান হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকে ক্ষুব্ধ হয়ে আছে তুরস্ক। এরদোগান এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি এটিকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়েছেন যে এই হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের চেতনাকে নষ্ট করতে পারবে না।
তিনি ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরুকে বলেছেন, ‘হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা এবং লেবাননে হামলা প্রমাণ করে যে ইসরাইল সমগ্র অঞ্চল, বিশ্ব ও মানবতার জন্য হুমকিস্বরূপ।’
এরদোগান জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন আঞ্চলিক ও বিশ্বের রাজনৈতিক নিরাপত্তা ও সামাজিক কাঠামোর স্থায়ীভাবে ক্ষতি হওয়ার আগে ইসরাইলের এই আক্রমণ বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে স্থায়ী শান্তি অর্জনে ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর সাথে পোপ ফ্রান্সিসের আলোচনা উপকারী হবে। তিনি আরো বলেছেন, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলা একটি গণহত্যাতে পরিণত হয়েছে। কিছু রাষ্ট্রের দেয়া কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ছত্রছায়ায় ইসরাইল তার গণহত্যা চালিয়ে যাচ্ছে।





