২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সম্প্রতি প্রথমবারের মতো ২৮ আফগানকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে জার্মানি। অন্য দিকে জার্মানিতে থাকা কাবুলের কূটনৈতিক মিশনের ওপর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তালেবান। বার্লিন দৃশ্যত বিষয়টি গ্রহণ করেছে। জুলাইয়ের শেষ দিকে তালেবান জানায়, তারা ইউরোপের মাত্র পাঁচটি আফগান কূটনৈতিক মিশনকে স্বীকৃতি দিচ্ছে। এগুলো হচ্ছে নেদারল্যান্ডস, স্পেন, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রে থাকা দূতাবাস ও জার্মানির মিউনিখ কনসুলেট।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ডিডব্লিউকে বলেন, ‘এই কূটনৈতিক মিশনগুলো আফগানিস্তানের নির্দেশ অনুসরণ করে এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছে। তাদের কাজের প্রতি আমাদের আস্থা আছে এবং এই কার্যক্রমগুলো স্বচ্ছভাবে পরিচালিত হয়। তারা দায়বদ্ধ এবং আমাদের আদেশ পালন করে।’ মিউনিখের কনসুলেট ছাড়াও জার্মানির বার্লিনে আফগান দূতাবাস ও বন শহরে আরেকটি কনস্যুলেট আছে। তালেবানের ঘোষণার কারণে এখন দূতাবাস ও বনের কনস্যুলেট থেকে ইস্যু করা ভিসা ও পাসপোর্ট আর আফগানিস্তানে স্বীকৃত হবে না।