ইসরাইল থেকে মরিশাসগামী একটি নির্ধারিত ফ্লাইটকে অবতরণের অনুমতি দেয়নি মরিশাস। অনুমতি পাওয়ার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু (২৭ সেপ্টেম্বর) জানায়, ইসরাইলি পর্যটন আয়োজকারী সংস্থা স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশন্সের এ ফ্লাইটটি পরিচালনার কথা ছিল।
ইয়েনেট নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, এয়ার সেশেলসের ফ্লাইটটি ইসরাইল থেকে মরিশাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মরিশাসের কর্তৃপক্ষ অবতরণের অনুমতি না দেয়ায় শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করা হয়।
ভ্রমণ আয়োজনের দায়িত্বে থাকা ইসরাইলি প্রতিষ্ঠান স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশন্স জানায়, কয়েক মাস আগেই ফ্লাইটটির জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গিয়েছিল।
তবে পরে তাদের জানানো হয়, অনুমতি না দেয়ার সিদ্ধান্তের পেছনে 'রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনা' রয়েছে।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মরিশাসের কর্তৃপক্ষ।
এদিকে বিষয়টির সাথে পরিচিত সূত্রের বরাতে ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের সময় মরিশাসের প্রতিনিধিদলের অনুপস্থিতির সাথে ফ্লাইটটির অবতরণের অনুমতি না দেয়ার বিষয়টি সম্পর্কিত।





