গত ২০২৪ সালে একজন শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যালোচনায় একটি স্বাধীন তদন্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ।
শনিবার (৩ অক্টোবর) কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় কটলিকফ বলেন, ‘আমাদের ট্রাস্টি বোর্ডের সাথে সমন্বয় করে ২০২৪ সালের ঘটনাটি মোকাবেলায় কর্নেল কী ধরনের পদক্ষেপ নিয়েছিল, তার সব দিক নিয়ে একটি বাইরের আইন প্রতিষ্ঠানের স্বাধীন পর্যালোচনাকে আমি স্বাগত জানাই।’
গত মাসে দায়ের করা একটি দেওয়ানি মামলায় ২০২৪ সালের ওই ঘটনার বিস্তারিত অভিযোগ উঠে আসে। এরপর আইভি লিগের এই বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের আইনজীবীদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। অভিযোগের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না হওয়ায় এই ক্ষোভ তৈরি হয়।
মামলায় অভিযোগকারী শিক্ষার্থী দাবি করেছেন, তাকে কেটামিন নামের একটি মাদক প্রয়োগ করে অচেতন বা অসহায় অবস্থায় ফেলা হয়। এরপর চি ফাই ভ্রাতৃসংঘের (ফ্র্যাটারনিটি) সাত সদস্য তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করেন বলে তিনি অভিযোগ করেন।
কটলিকফ বলেন, ‘এটি আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসের সবচেয়ে কঠিন সপ্তাহগুলোর একটি। আমি জানি, আপনাদের অনেকেই ক্ষুব্ধ, ব্যথিত এবং মানসিকভাবে বিপর্যস্ত।’
তিনি আরো বলেন, ‘২০২৪ সালে জেন ডোর সাথে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং বহু বছর ধরে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের ওপর এর গভীর প্রভাব থাকবে।’
দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিষয়ে ফৌজদারি তদন্ত গত সোমবার আবার শুরু করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এ তদন্তের নেতৃত্ব দেয়ার দায়িত্ব রাজ্যের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে দিয়েছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের কেন্দ্রীয় অংশে অবস্থিত ইথাকায় কর্নেল বিশ্ববিদ্যালয়। অভিযোগকারী শিক্ষার্থীর বক্তব্য নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রাথমিক তদন্ত যেভাবে পরিচালিত হয়েছিল, তার সমালোচনা করেছেন গভর্নর হকুল।
হকুল বলেন, ‘তিনি ঘণ্টার পর ঘণ্টা বসে পুলিশকে ঠিক কী ঘটেছিল তা জানিয়েছিলেন। আর নতুন প্রতিবেদন অনুযায়ী, তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তাকে ধর্ষণ করা হয়েছে—এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত ছিলেন।’
কটলিকফ বলেন, ফৌজদারি তদন্ত পুনরায় শুরু করার সিদ্ধান্তকে কর্নেল সমর্থন করে। তবে বিশ্ববিদ্যালয়টি তদন্ত বা স্বাধীন পর্যালোচনা শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে না।
তিনি আরো বলেন, ‘আমরা কর্নেলকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে থাকব, যা শুধু এসব বিষয়ে কী বলছে তার জন্য নয়, বরং সমস্যাগুলো মোকাবেলায় বাস্তবে কী করছে—সেই দিক থেকেও নেতৃত্ব দেবে।’
সূত্র : বাসস





