চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো জটিল হচ্ছে বাইডেনের আমলে। চীনের ৫৯ সংস্থার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জো বাইডেনের সরকার, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে চীন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩১ চীনা সংস্থার বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

মার্কিন প্রশাসন জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর সাথে আলোচনার সাপেক্ষে ওই সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল।

বৃহস্পতিবার জো বাইডেন প্রশাসন ওই তালিকা নিয়েই ফের আলোচনায় বসেছিল। সেখানে এক দিকে বেশ কয়েকটি সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আবার নতুন করে কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ৫৯ চীনা সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ২ অগাস্ট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে মার্কিন প্রশাসন সূত্রে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, যে সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তারা সকলেই কোনো না কোনোভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। বিশেষত, উইঘুর মুসলিমদের সাথে অন্যায় আচরণ করেছে।

নিষেধাজ্ঞার অর্থ, কোনো মার্কিন সংস্থা ওই সংস্থাগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে না। ওই সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে কোনোরকম ব্যবসা করতে পারবে না।

ট্রাম্প আমলে চীনের সাথে অ্যামেরিকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। ডোনাল্ড ট্রাম্প করোনা থেকে শুরু করে উইঘুর মুসলিমদের সাথে চীনের ব্যবহারসহ একাধিক বিষয় নিয়ে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন, জো বাইডেন ক্ষমতায় এসে চীনের সাথে সম্পর্ক খানিকটা উন্নত করবেন। কিন্তু বাস্তবে বাইডেন প্রশাসন ওই পথে হাঁটছে না।

চীন জানিয়েছে, সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ওই সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর ফলে চীনকেও কঠিন পদক্ষেপের কথা ভাবতে হবে। একইসাথে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে কাজ করেছে, তা আন্তর্জাতিক বাণিজ্য আইনের পরিপন্থী।

সূত্র : ডয়চে ভেলে