শেষ পর্যন্ত এড়ানো গেল বাণিজ্য যুদ্ধ। আমেরিকাতে গাড়িসহ অন্যান্য পণ্য রফতানি করতে ইউরোপীয় ইউনিয়ন ১৫ শতাংশ শুল্ক দেবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।

নতুন শুল্ক পূর্বনির্ধারিত শুল্কের প্রায় অর্ধেক। স্কটল্যান্ডে ট্রাম্পের বিলাসবহুল গলফ ক্লাবে এক ঘণ্টার উপর বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।

নতুন চুক্তি অনুযায়ী ইউরোপ আমেরিকা থেকে বিদ্যুৎ এবং সামরিক পণ্য কেনার পরিমাণ বাড়াবে।

ট্রাম্প বলেন, এটি এখন পর্যন্ত হওয়া সব থেকে বড় চুক্তি। স্টিল এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্কও ধার্য থাকবে।

যদিও বিশেষজ্ঞদের মতে ১৫ শতাংশ শুল্কও অনেকটা বেশি। প্রাথমিকভাবে এই দুই অঞ্চলের মধ্যে জিরো-ফর-জিরো শুল্কের বাণিজ্যে চুক্তির কথা ভাবা হয়েছিল। ১ আগস্ট থেকে নতুন শুল্ক চালু হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে